উখিয়ায় বাগদা চিংড়ি চাষে ২০ চাষিকে প্রশিক্ষণ, উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় বাগদা চিংড়ির একক ও মিশ্র চাষে উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে ২০ জন মৎস্যচাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিজ্ঞানসম্মত চাষপদ্ধতি, মানসম্মত পোনা নির্বাচন, পানির গুণাগুণ নিয়ন্ত্রণ ও রোগবালাই প্রতিরোধের কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়ার মাধ্যমে চাষিদের কারিগরি দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উখিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উখিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ। কর্মসূচি সঞ্চালনা করেন মোহাম্মদ সোহেল।
প্রশিক্ষণে বাগদা চিংড়ির একক ও মিশ্র চাষের আধুনিক পদ্ধতি, পুকুর প্রস্তুতকরণ, মানসম্মত পোনা নির্বাচন ও মজুত, পানির গুণাগুণ নিয়ন্ত্রণ, সুষম খাদ্য প্রয়োগ এবং রোগবালাই প্রতিরোধের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি চিংড়ি চাষের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও সেগুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চিংড়ি চাষ, সঠিক ঘনত্বে পোনা মজুত, নিয়মিত পরিচর্যা এবং পানির গুণাগুণ বজায় রাখার মাধ্যমে উৎপাদন ও চিংড়ির গুণগত মান বাড়ানো সম্ভব। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগানোর জন্য তিনি চাষিদের প্রতি আহ্বান জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বলেন, চাষিদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং চিংড়ি চাষকে লাভজনক করতে আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন জরুরি। এ ধরনের প্রশিক্ষণ টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে সহায়ক হবে।
সংশ্লিষ্টদের আশা, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে চাষিরা চিংড়ি চাষে আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করতে পারবেন। এতে উৎপাদনশীলতা ও চিংড়ির গুণগত মান বাড়ানোর পাশাপাশি চাষিদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে এবং স্থানীয় মৎস্য খাতের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।