ইনানীতে রেস্টুরেন্টে আগুন, আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস ও পুলিশের সঙ্গে বিজিবির তৎপরতা
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে অবস্থিত টুপটুপ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফায়ার সার্ভিস ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনাস্থলের আইনশৃঙ্খলা রক্ষা ও পরবর্তী উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছে বিজিবি সদস্যরা।
শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উখিয়া থানার আওতাধীন ইনানীর পাটুয়ারটেকে অবস্থিত টুপটুপ রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিজিবির দুটি প্লাটুন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেয়।

বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি স্বাভাবিক রাখা, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে বিজিবির দ্রুত সাড়া, অন্যান্য সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় এবং উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাহিনীটির দায়িত্বশীল ভূমিকার প্রতিফলন। বিশেষ করে ফায়ার সার্ভিস ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির এ তৎপরতা প্রশংসনীয়।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায়ও বিজিবি সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করছেন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।