পরিবার নিয়ে দীঘিনালার পূজামণ্ডপে ৭ বিজিবি অধিনায়ক, নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কঠোর নিরাপত্তাব্যবস্থা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা চলার মধ্যে পরিবারসহ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি পূজামণ্ডপে উপস্থিত হন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উৎসবে অংশ নেওয়া মানুষের সঙ্গে সময় কাটান।
লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি পূজামণ্ডপে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের মানুষ মিলেমিশে আনন্দের সঙ্গে উৎসব পালন করছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তাঁর চোখে পড়েনি।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন, যাতে সবাই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপন করতে পারেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে দীঘিনালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।