ভ্যানে লুকানো ছিল প্রায় এক কোটি টাকার স্বর্ণ!
![]()
নিউজ ডেস্ক
যশোরের শার্শায় ভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গর্তে পাওয়া গেল ৯টি স্বর্ণের বার। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার আমড়াখালী থেকে কাগজপুকুরগামী একটি অটোভ্যান আটক করে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণবারের ওজন আনুমানিক ১ কেজি এবং বর্তমান বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর সরাসরি তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করেন নায়ের সুবেদার মো. আবুল কালাম হোসেন।
অভিযানে আমড়াখালী হতে কাগজপুকুরগামী একটি অটোভ্যানকে থামানোর চেষ্টা করা হলে ভ্যানচালক কৌশলে ভ্যান ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্যানটি তল্লাশি করে ভ্যানের ছিটের সম্মুখসারিতে বিশেষ কায়দায় ঢেকে রাখা একটি গর্তের মধ্যে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।
অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সোর্সের তথ্য অনুযায়ী শার্শা উপজেলার বাগআচড়ার সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে মো. মিলন ওরফে ছোট বাবু (৩৫) ভ্যানটির চালাচ্ছিলেন বলে জানা গেছে।
তিনি জানান, পলাতক ব্যক্তিকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। উদ্ধার ৯টি স্বর্ণের বারের ওজন আনুমানিক ১ কেজি এবং বর্তমান বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া পলাতক ব্যক্তির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।