কক্সবাজারে রাইফেলের দেড় হাজার গুলিসহ ৩ যুবক গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারে দেড় হাজার রাইফেলের গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী এবং এসব গুলি রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন সন্ত্রাসীর কাছে সরবরাহ করছিল চক্রটি।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বানিয়ারপাড়া এলাকার আবছার কামালের ছেলে মো. হুমায়ুন করীর (২৩), একই ইউনিয়নের সাবেকপাড়ার মো. এনামুল হকের ছেলে মো. রিয়াজ উদ্দিন (৩১) ও ডেইল পাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল মালেক (২১)। তাদের কাছ থেকে ১ হাজার ৫১৫টি রাইফেলের গুলি পাওয়া যায়।
পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় এলাকায় ১০ এপ্রিল সন্ধ্যায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হলে রাইফেলের গুলিসহ রিয়াজ ও হুমায়ুনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে চৌফলদন্ডী থেকে গ্রেফতার করা হয় মালেককে।
পুলিশ সুপার আরও জানান, তিনজনই স্বীকার করেছেন তারা একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য। চক্রের মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে রামু থানায় মামলা হয়েছে।