অবৈধপথে আসা ভারতীয় ধানের বীজ জব্দ - Southeast Asia Journal

অবৈধপথে আসা ভারতীয় ধানের বীজ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পঞ্চগড়ের আটোয়ারীতে অবৈধপথে আসা ভারতীয় ১১১ বস্তা ধানবীজ জব্দ করা হয়েছে। গত সোমবার গভীর রাত পর্যন্ত ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে এসব বীজ জব্দ করে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিমের নেতৃত্বে সোমবার রাত ৯টা ফকিরগঞ্জ বাজারের আপন বীজ ভাণ্ডারের মালিক আনিসুর রহমান লেবুর বাড়ি, দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় বিভিন্ন কোম্পানির মোড়কে ধানের বীজের ১১১টি বস্তা উদ্ধার করা হয়। মঙ্গলবারও বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি করা হয়।

উদ্ধার করা বীজগুলো ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এদিকে অভিযানের খবর পেয়ে বীজ ব্যবসায়ী আনিসুর রহমান লেবু পালিয়ে গেছেন।

পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ ও রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ জানান, রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত বীজগুলো আমাদের জিম্মায় রাখা হয়েছে।

আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা নুরজাহান খাতুন বলেন, ভারতীয় মোড়কে ধানের বীজগুলো আমদানি করা হয়েছে কি না অথবা কীভাবে আনা হয়েছে, তার কোনো কাগজপত্র এখনো আমাদের দেখায়নি। বৈধ কাগজপত্র না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাসা, দোকান ও গোডাউন থেকে ভারতীয় বিভিন্ন কোম্পানির ১১১ বস্তা ধানবীজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।