সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেলুচিস্তানে মাসব্যাপী ১৪৪ ধারা জারি

সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেলুচিস্তানে মাসব্যাপী ১৪৪ ধারা জারি

সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেলুচিস্তানে মাসব্যাপী ১৪৪ ধারা জারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা উদ্বেগের কারণে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে পাকিস্তানের বেলুচিস্তান সরকার। নিষিদ্ধ করা হয়েছে মোটরসাইকেলের পেছনে বসা এবং রঙিন বা কালো জানালাযুক্ত যানবাহন চলাচলও। এই আদেশ চলতি ফেব্রুয়ারি মাসের শুরু থেকে শেষ অবধি বহাল থাকবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলুচিস্তান স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে তাৎক্ষণিকভাবে এই আদেশ কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

বেলুচিস্তানের বিভিন্ন স্থানে একযোগে সন্ত্রাসী হামলার একদিন পরই এই পদক্ষেপ নেওয়া হলো। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শনিবার প্রদেশজুড়ে নিরাপত্তা বাহিনী হামলা প্রতিহত করার সময় ৯২ সন্ত্রাসী নিহত ও ১৫ নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন।

বিবৃতিতে জানা হয়, ‘ভারত-সমর্থিত ফিতনা আল-হিন্দুস্তানের সন্ত্রাসীরা কোয়েটা, মাস্তুং, নুশকি, দালবান্দিন, খারান, পাঞ্জগুর, টুম্প, গোয়াদার এবং পাসনির আশেপাশে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে বেলুচিস্তানের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছিল।’

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই ঘটনা সফলতার সঙ্গে প্রতিরোধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন। গতকাল সাংবাদিকদের তিনি বলেন, প্রদেশের অন্যান্য অংশে যেখানে পরবর্তীতে ঘটনা ঘটেছে, সেখানে বাহিনী সতর্ক রয়েছে। এ ছাড়া ৪০ ঘণ্টায় ৫ হাজার ৮০০ গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে।

স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে চলতি ফেব্রুয়ারি মাসে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সরকারি বা ব্যক্তিগত স্থানে অস্ত্র বহন, আকাশে গুলি চালানো বা অস্ত্র প্রদর্শন গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া, মোটরসাইকেলের পেছনে বসাও নিষিদ্ধ করা হয়েছে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ববর্তী বিজ্ঞপ্তির আলোকে নারী ও শিশুদের জন্য কিছু ছাড় দেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রঙিন বা কালো জানালাযুক্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধনবিহীন যানবাহন ও মোটরসাইকেল ব্যবহারও নিষিদ্ধ। রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক সমাবেশ, মিছিল, বিক্ষোভ বা জনসভাসহ পাঁচ বা তার অধিক ব্যক্তির জমায়েতও নিষিদ্ধ। এসব কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন হবে।’

চিকিৎসা বা বৈধ কারণে ছাড়া জনসাধারণের স্থানে মুখ ঢেকে রাখা, মাফলার বা কাপড় পরা নিষিদ্ধ করা হয়েছে। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১৮৮ ধারায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা থাকতে পারে।

পুলিশ, লেভি, ফ্রন্টিয়ার কর্পস এবং অন্যান্য আইন-প্রয়োগকারী সংস্থাগুলোকে এই বিধিনিষেধ কার্যকর করার পূর্ণ ক্ষমতা দিয়েছে বেলুচিস্তান সরকার।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।