কুড়িগ্রামে সীমান্ত এলাকায় ‘মিলিটারি স্পাই রোবট’ নিয়ে গুঞ্জন, সিসিটিভিতে রহস্যময় দৃশ্য

কুড়িগ্রামে সীমান্ত এলাকায় ‘মিলিটারি স্পাই রোবট’ নিয়ে গুঞ্জন, সিসিটিভিতে রহস্যময় দৃশ্য

কুড়িগ্রামে সীমান্ত এলাকায় ‘মিলিটারি স্পাই রোবট’ নিয়ে গুঞ্জন, সিসিটিভিতে রহস্যময় দৃশ্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকায় গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় চার পায়ে লাফিয়ে চলা রহস্যময় এক বস্তুর দৃশ্য ধরা পড়েছে। স্থানীয়দের দাবি, বস্তুটির গঠন অনেকটা ‘মিলিটারি স্পাই রোবটের’ মতো। এই ঘটনা জানাজানি হওয়ার পর সীমান্তবর্তী মিলনী বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে অবস্থিত ‘আলাউদ্দিন হার্ডওয়্যার’ দোকানের সিসিটিভি ফুটেজে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩৫ মিনিটে অদ্ভুত এই দৃশ্যটি রেকর্ড হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের মালিক রোকনুজ্জামান ও তার ভাই নাজমুল হোসেন ফুটেজটি চেক করার সময় বিষয়টি নজরে আসে। ভিডিওতে দেখা যায়, মাথায় আলো জ্বালিয়ে চার পায়ে লাফিয়ে দ্রুত গতিতে একটি রোবট সদৃশ বস্তু ক্যামেরার সামনে দিয়ে চলে যাচ্ছে। বস্তুটির চলাচলের সময় এক ধরনের যান্ত্রিক শব্দও শোনা যায়।

পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া জানান, ওই রাতে তিনি দোকানের টিনের ফাঁক দিয়ে বস্তুটিকে লাফিয়ে যেতে দেখেছেন। তিনি বলেন, মাথায় লাইট এবং চার পা বিশিষ্ট জিনিসটি দেখে আমি ভয় পেয়ে যাই। এর কয়েক মিনিট পরই একটি মোটরসাইকেল খুব দ্রুত গতিতে ওইদিকে যায় এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসে।’

নাজমুল হোসেনও জানান, ওই রাতে বাজারে এক বাড়ি থেকে গরু চুরি হওয়ার কারণে তারা ফুটেজ চেক করছিলেন। তখন রোবট সদৃশ বস্তুটির পাশাপাশি একটি দ্রুতগামী মোটরসাইকেলের গতিবিধিও তাদের নজরে আসে।

মিলনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুর আলী জানান, বাজারে প্রায়ই চুরির ঘটনা ঘটে, যার ফলে তারা আগে থেকেই চিন্তিত ছিলেন। এখন এই রহস্যময় রোবট এবং মোটরসাইকেলের আনাগোনা দেখে ব্যবসায়ীদের মাঝে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটি কোথা থেকে আসলো এবং কারা এটি পরিচালনা করছে, তা না জানা পর্যন্ত কেউ স্বস্তি পাচ্ছেন না।

বুধবার সকালে সোনাহাট বিওপির বিজিবি সদস্যরা এবং কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং খোঁজখবর নিচ্ছেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

অন্যদিকে, বিজিবি সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানিয়েছেন যে বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রাতের আঁধারে ধরা পড়া ওই বস্তুটিকে প্রাথমিকভাবে মিলিটারি স্পাই রোবটের মতো মনে করা হলেও, এটি আসলে কী ছিল তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।