কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করল নৌবাহিনী ও কোস্ট গার্ড
![]()
নিউজ ডেস্ক
সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড। এরই অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধ মাছ ধরার জাল মজুদ করে আসছিল। এ তথ্যের প্রেক্ষিতে রোববার (১৯ এপ্রিল) বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ‘সি হার্ট’ (Sea Heart) নামক একটি গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। সবমিলিয়ে প্রায় ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১২ কোটি টাকা।

অভিযান শেষে জব্দকৃত জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নদী ও উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ আহরণ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বিত অভিযান দেশের জলজ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।