রংপুর সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার, এক মাসে উদ্ধার ১৩০০ লিটারের বেশি জ্বালানি তেল
![]()
নিউজ ডেস্ক
জ্বালানি তেল পাচার ঠেকাতে রংপুর বিভাগের সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত এক মাসে বিভাগের তিন জেলার সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৩০০ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
রংপুর বিজিবি সেক্টর কমান্ডার সূত্রে জানা গেছে, এই সময়ে মোট ১ হাজার ৩১৮ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে ডিজেল ১ হাজার ১৩৫ লিটার এবং পেট্রোল ১৮০ লিটার।
কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। পাচার রোধে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি চেকপোস্ট স্থাপন, বিশেষ টহল বৃদ্ধি এবং সন্দেহজনক যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
রংপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান জানান, বুড়িমারী ও সোনারহাটসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। স্থলবন্দর দিয়ে আসা প্রতিটি যানবাহন তল্লাশি করা হচ্ছে এবং জ্বালানি বহনকারী ট্যাংকগুলোও পরীক্ষা করা হচ্ছে।
উদ্ধার করা জ্বালানি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তার মতে, সীমান্তবর্তী বাসিন্দারা পাচারের তুলনায় জ্বালানি মজুদে বেশি আগ্রহী। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে পাচারের সুযোগ সীমিত হয়ে এসেছে।
প্রসঙ্গত, সীমান্তে নজরদারি বৃদ্ধি ও কঠোর তল্লাশি কার্যক্রমের মাধ্যমে জ্বালানি তেলসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।