মণিপুরে হামলায় ৩ কুকি-জো চার্চ নেতা নিহত, শান্তি প্রচেষ্টা নস্যাতের অভিযোগ

মণিপুরে হামলায় ৩ কুকি-জো চার্চ নেতা নিহত, শান্তি প্রচেষ্টা নস্যাতের অভিযোগ

মণিপুরে হামলায় ৩ কুকি-জো চার্চ নেতা নিহত, শান্তি প্রচেষ্টা নস্যাতের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুরে কোটজিম ও কোটলেন এলাকার মধ্যবর্তী স্থানে কথিত অতর্কিত হামলায় তিন কুকি-জো চার্চ নেতা ও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কুকি ইনপি মণিপুর। সংগঠনটি এ ঘটনাকে “কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলা” আখ্যা দিয়ে বলেছে, এর মাধ্যমে অঞ্চলের চলমান শান্তি প্রচেষ্টা নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে।

বুধবার (১৩ মে) প্রকাশিত এক বিবৃতিতে কুকি উপজাতিদের শীর্ষ সংগঠনটি দাবি করে, জেডইউএফ-কামসন (ZUF-Kamson) গোষ্ঠী ও ভিবিআইজি সদস্যরা এ হামলা চালায়। হামলায় তিনজন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন— রেভারেন্ড ভি. সিটলহৌ, রেভারেন্ড কাইগৌলেন এবং পাস্টর পাওগৌলেন।

সংগঠনটি জানায়, নিহত রেভারেন্ড ভি. সিটলহৌ সম্প্রতি নাগাল্যান্ড জয়েন্ট ক্রিশ্চিয়ান ফোরামের সঙ্গে কোহিমায় একটি শান্তি মিশনে অংশ নিয়েছিলেন। ওই উদ্যোগের লক্ষ্য ছিল কুকি-জো ও তাংখুল সম্প্রদায়ের মধ্যে পুনর্মিলন ও সংলাপ প্রতিষ্ঠা করা।

কুকি ইনপি মণিপুর বলেছে, শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় একজন চার্চ নেতাকে হত্যা করা অত্যন্ত বেদনাদায়ক ও ক্ষোভজনক। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলা মূলত শান্তি ও সহাবস্থানের চেতনার ওপর সরাসরি আঘাত।

সংগঠনটি আরও দাবি করে, একের পর এক উসকানি ও ভয়ভীতি সত্ত্বেও কুকি-জো সম্প্রদায় পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া ঠেকাতে সংযম দেখিয়ে আসছিল। এমন সময় হামলার ঘটনা এবং এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তারা, যখন চার্চ নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কুকি ইনপি মণিপুর। একই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে সুশীল সমাজ, চার্চ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতিও আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি কুকি-জো জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের লক্ষ্যভিত্তিক হামলা অব্যাহত থাকলে রাজ্যে শান্তির সম্ভাবনা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *