সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশব্যাক চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত বাংলাদেশিদের পুশব্যাক করার চেষ্টা রুখে দিতে সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশব্যাকের এই অপতৎপরতা ঠেকাতে মঙ্গলবার (২৬ মে) গভীর রাতেও বিজিবির টহল অব্যাহত ছিল এবং সীমান্তে সতর্কতামূলক মাইকিং চালানো হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিএসএফের যেকোনো পুশব্যাক চেষ্টা প্রতিহত করা হবে। তিনি জানান, পুশব্যাক চেষ্টাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তবে বিজিবি সদস্যদের কঠোর নজরদারি রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে টহল বাড়ানো হয়েছে। বিজিবির এই কঠোর অবস্থানের কারণে বিএসএফ পুশব্যাক করতে সক্ষম না হলেও সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে বেশ কিছু কথিত বাংলাদেশিকে জড়ো করা হয়েছে। ভারতীয় পুলিশ এসব মানুষকে পুশব্যাকের উদ্দেশ্যে বিএসএফের হাতে তুলে দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমে তাদের দিয়ে বলানো হচ্ছে যে, তারা বাংলাদেশি এবং কাজের উদ্দেশ্যে কেউ ৬ মাস, কেউ ৬ বছর, আবার কেউ ২০ বছর ধরে সেখানে অবস্থান করছিলেন। মূলত ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর মুসলমানদের ওপর নির্যাতন চলার কারণে তারা ভীত হয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।