চকরিয়ায় তরুণীকে উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ, লাঠিচার্জ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় প্রেমিকাকে উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হন প্রেমিক নুরুল আমিন (২৪) ওরফে গুরা মিয়া। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঈদগাঁও উপজেলার এক তরুণীর সঙ্গে ছাইরাখালী এলাকার নুরুল আমিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে নুরুল আমিনের বাড়িতে গিয়ে ওঠেন। পরে দুই পরিবারের সম্মতিতে দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মেয়ের পরিবারের কয়েকজন সদস্য এ বিয়েতে আপত্তি জানিয়ে চকরিয়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে তরুণীকে উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
স্থানীয়দের দাবি, তরুণী পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান। পরে এসআই মো. আরকানুল ইসলামের নেতৃত্বে আরও একটি পুলিশ দল সেখানে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একপর্যায়ে পুলিশের লাঠিচার্জে নুরুল আমিন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা পুলিশের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ দাস বলেন, ‘‘ভিকটিম উদ্ধার করতে গেলে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। এ সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।