খাগড়াছড়িতে ‘জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা’ দাবিতে ভিডিও ভাইরাল, অস্তিত্ব পায়নি পুলিশ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত জুলাই-২৪ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। পরে রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দুইজন তরুণ স্মৃতিস্তম্ভের ভেতরে প্রবেশ করে একটি বোতল থেকে তরল জাতীয় পদার্থ ঢালছে। এরপর তারা আগুন জ্বালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাটি ভিডিও আকারে ধারণ করা হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এদিকে স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকেও ভিডিওটি প্রচার করা হয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে আগুন লাগার কোনো আলামত বা অস্তিত্ব পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তির সহায়তায় ভিডিও তৈরি বা সম্পাদনা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা, এর উৎস এবং কারা এটি ধারণ ও প্রচার করেছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।