উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা, হোটেলকর্মীর মরদেহ উদ্ধার

উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা, হোটেলকর্মীর মরদেহ উদ্ধার

উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা, হোটেলকর্মীর মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় একই রাতে পৃথক দুটি ঘটনায় এক রোহিঙ্গা যুবক গুলিতে নিহত হয়েছেন এবং এক হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অন্যদিকে, ইনানী এলাকায় হোটেলকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ-২৯ ব্লকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মো. জুবায়ের (৩৪)। তিনি ওই ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

১৪ এপিবিএন সূত্র জানায়, নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার পথে ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ এপিবিএন বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ক্যাম্প-৫-এর মো. আরাফাত (১৬), মো. তামিন (৩৭) এবং ক্যাম্প-৮ ওয়েস্টের মোহাম্মদ আয়ুব (৩২)।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে একই দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানী এলাকায় একটি পাঁচতারকা মানের হোটেলের পাশ থেকে ওই হোটেলের কর্মী মো. আব্দুল আজিজের (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল আজিজ উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে।

পুলিশ জানায়, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একই রাতে উখিয়ায় সংঘটিত এ দুটি পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী উভয় ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম জোরদার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed