রাঙামাটি থেকে চুরি হওয়া সরকারি মোটরসাইকেল লংগদু থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

রাঙামাটি থেকে চুরি হওয়া সরকারি মোটরসাইকেল লংগদু থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

রাঙামাটি থেকে চুরি হওয়া সরকারি মোটরসাইকেল লংগদু থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি শহর থেকে চুরি হওয়া একটি সরকারি মোটরসাইকেল লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা আরিফুল্লাহ আসিফ (২৪) এবং একই ইউনিয়নের সোনাই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরিফ (২৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাঙামাটি উপজেলা কার্যালয়ে কর্মরত এক সহকারী প্রোগ্রামারের ব্যবহৃত সরকারি হোন্ডা সিবি শাইন (Honda CB Shine) ১২৫ সিসি মোটরসাইকেলটি গত ২৪ জুলাই রাতে রাঙামাটি পৌরসভার ফিশারিঘাট এলাকার আরএসডি লেকভিউ গার্ডেনের মূল ফটকের সামনে থেকে চুরি হয়। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর চট্টগ্রাম-হ-১১-১৮২৭।

ঘটনার পর মোটরসাইকেলের ব্যবহারকারী রাঙামাটি কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর কোতোয়ালি থানা-পুলিশ চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারে তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে দুই যুবকের সম্পৃক্ততার তথ্য পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী লংগদু থানা-পুলিশের সহযোগিতায় মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া এলাকা থেকে চুরি হওয়া সরকারি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। এদিকে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed