খাগড়াছড়িতে হোটেলে অভিযান, ৫০ ইয়াবাসহ আটক দুই যুবক কারাগারে
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া সংলগ্ন একটি হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
আটকরা হলেন—খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকার আবু তাহেরের ছেলে আব্দুল আল মামুন (২০) এবং একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শাহ আলম প্রকাশ চোর ফয়সল (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মহাজনপাড়া সংলগ্ন খাগড়াছড়ি গেস্ট হাউস হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলের ৪০২ নম্বর কক্ষে থাকা দুই যুবকের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ইয়াবাসহ তাদের আটক করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
পুলিশ জানায়, মামলার পর মঙ্গলবারই দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়। বুধবার আদালতে তাদের জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের দাবি, আটক দুই যুবক দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি শহরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে আরও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা বলছেন, আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা ও সরবরাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারির পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।