আলীকদমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র্যালি ও পুরস্কার বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের আলীকদমে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন মিঠুন কুমার ঘোষ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যচাষি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক মানুষ অংশ নেন।
আলোচনা সভায় মৎস্যসম্পদের যথাযথ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাছ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। পাশাপাশি মৎস্যচাষ ও আহরণকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তাই প্রাকৃতিক জলাশয় ও দেশীয় মাছের প্রজননক্ষেত্র রক্ষার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে মৎস্যচাষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আবুল বশর, ময়েচিং মার্মা ও মোবাশ্বের হোসেনকে পুরস্কৃত করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় একটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় প্রান্তিক মৎস্যচাষিরা আলীকদমের মাতামুহুরী নদী, খাল ও বিভিন্ন ঝিরিতে বিষ প্রয়োগ এবং বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বহিরাগতদের বড় জাল ব্যবহার করে মাছ ধরার বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মৎস্যচাষিরা বলেন, অবৈধ ও ধ্বংসাত্মক পদ্ধতিতে মাছ শিকারের কারণে নদী, খাল ও ঝিরিতে দেশীয় মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এভাবে মাছ শিকার চলতে থাকলে ভবিষ্যতে প্রাকৃতিক জলাশয় থেকে দেশীয় মাছের প্রাপ্যতা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা, কঠোর নজরদারি এবং অবৈধ মাছ শিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় মৎস্যচাষিরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।