রামুতে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে ঢাকা অভিমুখী একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা ৩০ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কেউ আহত হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামু উপজেলার কালঘর বাজারের পশ্চিমে এন আলম ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের বাসটিতে রাত আনুমানিক দেড়টার দিকে আগুন লাগে।
স্থানীয় সমাজকর্মী আনিস মাহমুদ বলেন, ঢাকা অভিমুখী একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ঘটনাস্থলের দিকে ছুটে যান। পরে বাসের ভেতরে থাকা যাত্রীদের নিরাপদে বের হতে সহায়তা করেন। সবাইকে অক্ষত অবস্থায় বাস থেকে নামিয়ে অন্য একটি বাসে তুলে দেওয়া হয়।
যাত্রীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘প্রথমে বাসের ভেতরে কী ঘটেছে তা তারা বুঝতে পারিনি। কিছুক্ষণ পর বাসের ভেতরে ধোঁয়া দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দরজা দিয়ে সবাইকে বের করা সম্ভব না হওয়ায় বাসের জানালা ভেঙে কয়েকজন যাত্রীকে বের করে আনা হয়। পরে বাসে থাকা ৩০ যাত্রীকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের লাগেজও বাস থেকে বের করে আনা হয়েছে।’
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ‘বাসটি আর যাত্রা চালিয়ে যেতে না পারায় যাত্রীদের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করা হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে বিকল্প পরিবহনে যাত্রীদের ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।’
এদিকে, কক্সবাজারে আইকন পরিবহনের কাউন্টারটি বন্ধ থাকায় বাসটিতে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।