কাপ্তাই লেক দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবি নানিয়ারচরের আইনশৃঙ্খলা সভায়
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই লেকের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি উঠেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়। একই সঙ্গে লেকের জায়গা দখলের বিষয়টি সরেজমিনে তদন্ত করে দখলদারদের চিহ্নিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সভায় অংশ নেওয়া সদস্যরা।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ।
সভায় নানিয়ারচর জোনের প্রতিনিধি সার্জেন্ট শেখ মুরাদ হোসেইন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সদস্যরা বলেন, নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকায় কাপ্তাই লেকের জায়গা দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা গড়ে উঠলেও কার্যকরভাবে দখলমুক্ত করার উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে লেকের আরও জায়গা দখলের আশঙ্কা রয়েছে।
তাঁদের মতে, কাপ্তাই লেক শুধু নানিয়ারচরের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত নয়, এটি এলাকার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধারও। লেকের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জলাধারের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে প্রশাসনের পক্ষ থেকে লেকের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করে অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সরকারি জায়গা দখলের প্রমাণ পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় উচ্ছেদ অভিযান পরিচালনার আহ্বান জানান সভার সদস্যরা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব পায়। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি, ব্যবসায়ী ও তাদের সহযোগীদের ওপর নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ সময় অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় কাপ্তাই লেকের জায়গা দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।