বান্দরবানে ১১ মামলার আসামি ৩৪৫ ইয়াবাসহ গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানে ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী (৫০)কে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া এলাকায় রঞ্জিত চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া বাসার সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) রহিত কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মেম্বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন নয়ন চৌধুরীকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর কাছ থেকে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার নয়ন চৌধুরী বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, একাধিক মাদক মামলার আসামি হয়েও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তাঁকে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বান্দরবান সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবার ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।