টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ, দুই মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ, দুই মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ, দুই মাদক কারবারি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ-কক্সবাজার সড়কের টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে তল্লাশিকালে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। পরে পিকআপে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং গাড়িটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের সন্ধান পান র‌্যাব সদস্যরা।

পরে সেখান থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নতুন পাড়ার বাসিন্দা জাফর আলম (৫৫) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড করাচি পাড়ার বাসিন্দা মো. তারেক (১৯)।

র‌্যাবের তথ্যমতে, অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তবর্তী টেকনাফসহ কক্সবাজার অঞ্চলে মাদকদ্রব্যের চোরাচালান ও বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

র‌্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।