ফটিকছড়ির রহমতপুর সীমান্তে বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু আটক
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রহমতপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় দুটি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় গরু পাচারের সঙ্গে জড়িত এক চোরাকারবারী পালিয়ে যায়।
বিজিবি জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ সদ্য উদ্বোধনকৃত রহমতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক ৩টার দিকে সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর এলাকায় টহলদলটি অবস্থান নেয়।
পরে ভোর ৪টার দিকে ভারতীয় সীমান্ত থেকে একজন ব্যক্তিকে দুটি গরু নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে বিজিবির টহলদল। এ সময় সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি গরু দুটি ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় গরু উদ্ধার করে বিজিবি। আটক গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।