মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা লামা থানার, আজিজনগরে মাদকবিরোধী র্যালি
![]()
জার্নাল প্রতিবেদক
মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লামা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে আজিজনগর ইউনিয়নের প্রধান সড়কগুলোতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে লামা থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। ‘মাদকমুক্ত সমাজ গড়ি’সহ মাদকের ভয়াবহ কুফলসংবলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা র্যালিতে সচেতনতার বার্তা দেন।
র্যালি শেষে আজিজনগর ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিমেল রায়, আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. হামিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়, এর বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে লামা থানার ওসি কায়ছার হামিদ বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজ ও এলাকাকে রক্ষা করতে লামা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক সমাজের অন্যতম প্রধান শত্রু। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে পুলিশ ও সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদক কারবারি বা এর পৃষ্ঠপোষক যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের রুট চিহ্নিত করে নিয়মিত বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরীহ কোনো ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে।
স্থানীয় সাধারণ নাগরিক ও সচেতন সমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওসি আরও বলেন, এলাকায় মাদক কারবার বা সেবনের বিষয়ে যেকোনো তথ্য পুলিশকে জানাতে হবে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
সভায় লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার কর্মসূচির কথাও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এমন উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি আজিজনগর ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।