মণিপুরে গ্রামে সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছয় ঘণ্টা গোলাগুলি; পুড়ল দুই ঘর

মণিপুরে গ্রামে সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছয় ঘণ্টা গোলাগুলি; পুড়ল দুই ঘর

মণিপুরে গ্রামে সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছয় ঘণ্টা গোলাগুলি; পুড়ল দুই ঘর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরে একটি পাহাড়ি নাগা গ্রামে সশস্ত্র হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় ছয় ঘণ্টা ধরে গোলাগুলি হয়েছে। মঙ্গলবার রাতে কাংপোকপি জেলার চাওয়াংকিনিং নাগা গ্রামে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় গ্রামের প্রান্তে থাকা দুটি কাঠের বাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিপুলসংখ্যক সশস্ত্র ব্যক্তি গ্রামটিতে হামলা চালায়। সেখানে মোতায়েন সিআরপিএফ সদস্যরা গুলিবর্ষণের জবাব দিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। থেমে থেমে এই গোলাগুলি বুধবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের গ্রামে প্রবেশ ঠেকাতে সক্ষম হন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ সময় গ্রামের প্রান্তে থাকা দুটি কাঠের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে বাড়ি দুটি পুড়ে যায়।

গ্রামের বাসিন্দা ড্যানিয়েল চ্যারেনামাই জানান, রাত সাড়ে ১০টার দিকে হামলা শুরু হয় এবং ভোর প্রায় ৪টা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়। তিনি বলেন, গ্রামে মোতায়েন সিআরপিএফ সদস্যরা পাল্টা গুলি চালিয়ে হামলাকারীদের প্রতিহত করেন এবং তাদের গ্রামে ঢুকতে দেননি।

এ হামলার কয়েক ঘণ্টা আগে পাশের তামেংলং জেলার লাইসাংফাই এলাকায় গুলিতে দুই কুকি নারী নিহত হন। পরপর এসব সহিংসতার ঘটনায় মণিপুরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

চাওয়াংকিনিং গ্রামে হামলা ও লাইসাংফাইয়ে দুই নারী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন নাগা পিপলস ফ্রন্টের বিধায়ক ও জ্যেষ্ঠ নাগা নেতা আওয়াংবো নিউমাই। তিনি বলেন, এ ধরনের সহিংসতা কোনো সম্প্রদায়েরই উপকারে আসবে না।

কাংপোকপি জেলার সাইকুল আসনের এক কুকি বিধায়কও দুই নারী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তার দাবি, নিহতদের একজন সম্প্রতি নার্সিং বিষয়ে পড়াশোনা শেষ করেছিলেন।

ওই বিধায়ক অভিযোগ করেছেন, দুই নারী হত্যার ঘটনায় এনএসসিএন-আইএম এবং জেডইউএফ-কে (ZUF-K) সদস্যরা জড়িত থাকতে পারেন। তার ভাষ্য, নিরীহ দুই নারীকে হত্যা কোনো রাজনৈতিক কারণ, মতাদর্শ বা ক্ষোভের মাধ্যমে ন্যায্যতা দেওয়া যায় না।

চাওয়াংকিনিং গ্রামে হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হামলাকারীদের পরিচয় ও তাদের উদ্দেশ্য নিয়েও তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।