আসামে ৩২৭ কোটি রুপির ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলায় অভিযান চালিয়ে ১০৯ দশমিক ২ কেজি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) যৌথ দল। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩২৭ কোটি রুপি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত হাইলাকান্দির রামনাথপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও শিলচরের ডিআরআইয়ের সদস্যরা সমন্বিতভাবে অভিযান শুরু করেন। অভিযানে ৫৪৬টি প্যাকেটের মধ্যে থাকা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার মোট ওজন ১০৯ দশমিক ২ কেজি।
অভিযানকালে দুটি ট্রাক, একটি মোবাইল ফোন, একটি আধার কার্ড ও একটি ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়েছে। ইয়াবার চালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষের দাবি, হাইলাকান্দিতে জব্দ করা ইয়াবার এই চালানটি উত্তর-পূর্বাঞ্চলের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ইয়াবা উদ্ধারের ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ করা মাদক একটি সংঘবদ্ধ মাদক পাচারচক্রের অংশ, যারা আন্তঃরাজ্য পর্যায়ে মাদক পরিবহনের সঙ্গে জড়িত।
গ্রেপ্তার ব্যক্তি, জব্দ করা ইয়াবা, দুটি ট্রাকসহ অন্যান্য সামগ্রী পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিলচরের ডিআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকের সরবরাহ ও পরিবহন বন্ধে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।