বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান, বিভিন্ন প্রকল্প পরিদর্শন
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের অংশ হিসেবে কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথি, প্রকল্পের ফাইল, দরপত্র-সংক্রান্ত কাগজপত্র ও মাস্টাররোল যাচাইয়ের পাশাপাশি একটি প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেছে দুদকের বিশেষ এনফোর্সমেন্ট টিম।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পরে দুদকের কর্মকর্তারা বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় গিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও যাচাই-বাছাই করেন।
অভিযানকালে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দের কাছে ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের তথ্য ও নথিপত্র চাওয়া হয়। এসব প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন প্রক্রিয়া, ব্যয়, কাজের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র যাচাই করে দুদকের এনফোর্সমেন্ট টিম।
এ সময় কার্যালয়ে থাকা প্রকল্পের ফাইল, দরপত্র-সংক্রান্ত কাগজপত্র, মাস্টাররোলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করা হয়। একই সঙ্গে প্রকল্পের নথিতে উল্লেখ করা কাজের সঙ্গে বাস্তবে সম্পন্ন হওয়া কাজের মিল রয়েছে কি না, কাজের মান ও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না—এসব বিষয়ও সরেজমিনে যাচাই করেন দুদক কর্মকর্তারা।

দুদক কর্মকর্তারা জানান, বান্দরবানের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, টিউবওয়েল স্থাপন, রেইন ওয়াটার হারভেস্টিং ও স্যানিটেশনসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করা এবং কয়েকটি প্রকল্পের কাজ নিম্নমানের হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং প্রকল্পগুলোর বাস্তব অবস্থা পর্যালোচনার অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় পরিদর্শনের সময় প্রকল্পের আওতায় বাস্তবায়িত স্থাপনা ও সুবিধাগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন দুদক কর্মকর্তারা। নথিপত্রে প্রকল্পের যে বিবরণ ও ব্যয়ের তথ্য রয়েছে, তার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব চিত্রের সামঞ্জস্য রয়েছে কি না, তাও যাচাই করা হয়।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান একটি নির্দিষ্ট প্রকল্প বা কার্যালয়ে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে বান্দরবানের বিভিন্ন উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলো পরিদর্শন ও যাচাই-বাছাই করা হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দুদকের আকস্মিক অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রকল্পের নথিপত্র ও বাস্তবায়ন-সংক্রান্ত তথ্য যাচাইয়ের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে আলোচনাও শুরু হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।