পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১
![]()
জার্নাল প্রতিবেদক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলায় পুলিশ চেকপোস্টে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) আমান মেলা এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
রেসকিউ ১১২২-এর কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। আহতদের মধ্যে ১৮ জনকে দারাজিন্দা ও ডিআই খানের মুফতি মাহমুদ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আমান মেলা চেকপোস্টটি মুগল কোট ও দারাজিন্দার কাছে ডিআই খান-কোয়েটা সড়কে অবস্থিত। এলাকাটি খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তের কাছাকাছি। বিস্ফোরণের ধরন ও কারণ জানতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রেসকিউ ১১২২ জানিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পাশাপাশি ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ছয়টি অ্যাম্বুলেন্স, একটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং ২৫ জনের বেশি উদ্ধারকর্মী অভিযানে অংশ নিচ্ছেন। ডেরা ইসমাইল খান থেকে আরও চারটি অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় জনবল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ওই এলাকায় মোবাইল ফোন সেবা না থাকায় উদ্ধারকাজে যোগাযোগ জটিলতা তৈরি হয়েছে।
এদিকে হামলার ঘটনায় খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন চেয়েছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি।
গভর্নর হামলাটিকে ‘ফিতনা আল-হিন্দুস্তান খাওয়ারিজ’-এর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন। পাকিস্তানি কর্তৃপক্ষ ‘ফিতনা আল-হিন্দুস্তান’ এবং নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ শব্দ ব্যবহার করে থাকে। তবে হামলার দায় নিয়ে টিটিপি দায় স্বীকার করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা বেড়েছে। চলতি মাসের শুরুতে ডিআই খানের দারাবান এলাকায় একটি পুলিশ চেকপোস্টে টিটিপির হামলা নস্যাৎ করার কথা জানিয়েছিল পুলিশ।
এর আগে ১৮ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার কোহাটে পুরোনো পুলিশ লাইনসে বড় ধরনের হামলায় ২৩ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হন। পরে রাতভর অভিযানে আট হামলাকারী নিহত হয়।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মাসিক তথ্য অনুযায়ী, সংযুক্ত জেলাগুলো বাদ দিয়ে মূল খাইবার পাখতুনখোয়ায় আগস্টে ৫৪টি সন্ত্রাসী হামলা হয়েছে, যেখানে জুলাইয়ে হয়েছিল ৩৬টি। অর্থাৎ এক মাসে হামলার সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।