টেকনাফে মানবপাচার ও মাদক পাচারে একাধিক চক্র সক্রিয়, অবৈধ পথে মালয়েশিয়াগামীদের প্রবণতা বাড়ছে
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে মানবপাচার একটি ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। উপজেলাটিতে একাধিক মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। মানবপাচার ও মাদক পাচার একই সূত্রে গাঁথা। পাশাপাশি অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার প্রবণতাও উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
ইউএনও এস এম অনীক চৌধুরী বলেন, মানবপাচার বন্ধে সচেতনতার কোনো বিকল্প নেই। পাচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
কর্মশালায় বক্তারা বলেন, কক্সবাজারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোর মধ্যে টেকনাফ ও উখিয়া অন্যতম। মানবপাচার এবং অবৈধভাবে মানুষ বিদেশে পাঠানো বন্ধ করতে গ্রাম পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি আইন প্রয়োগ জোরদার করার পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক সভার আয়োজনও জরুরি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, মানবপাচার বন্ধ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

মলকা বানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল বলেন, টেকনাফে মানবপাচারের সঙ্গে পরিবহন খাতসহ বিভিন্ন পর্যায়ের মানুষ জড়িত। শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ব্যক্তিরা এ ধরনের প্রতারণার ফাঁদে বেশি পড়েন। তাই বিদ্যালয় পর্যায় থেকেই মানবপাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
কর্মশালায় মালয়েশিয়াফেরত অভিবাসী মো. ইমাম হোসেন নিজের পাচারের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ২০১৯ সালে মানবপাচারকারীদের খপ্পরে পড়েন তিনি। দালালেরা তাঁকে আরও কয়েকজনের সঙ্গে জোর করে নৌকায় তুলে নিয়ে নির্যাতন করে। পরে তাঁদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে পাচার করা হয়। পরবর্তী সময়ে ব্র্যাকের সহায়তায় দেশে ফিরে আসেন তিনি। বর্তমানে একটি পানের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে ইমাম হোসেন সবাইকে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ না যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিদেশ যাওয়ার আগে নিরাপদ অভিবাসন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেন।
কর্মশালায় বক্তারা আরও বলেন, প্রয়োজনীয় দক্ষতা অর্জন না করে বিদেশে গেলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি বেশি থাকে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। তাই বিদেশ যেতে আগ্রহীদের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করা উচিত। এ ক্ষেত্রে দক্ষতা উন্নয়নে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা কাজ করছে।
ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর অজিত নন্দীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অ্যান্টি ট্রাফিকিং ক্যাম্পেইনের ম্যানেজার শাহনাজ পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কক্সবাজার সেন্টার ম্যানেজার মো. আজিমুল হক।
কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, টেকনাফ মডেল থানার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের নারী সদস্য, গ্রাম পুলিশ, কমিউনিটি ও যুবনেতা, সাংবাদিক, স্বেচ্ছাসেবক এবং মানবপাচার ও অভিবাসনসংক্রান্ত প্রতারণার শিকার ব্যক্তিরা অংশ নেন। এ ছাড়া ব্র্যাক ও বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।