মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা সিজন-২-এর উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬-২০২৭ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, খেলাধুলায় আগ্রহ সৃষ্টি এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতাকে নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর উদ্বোধন করেন। এ সময় মহালছড়ি উপজেলা থেকে সংশ্লিষ্টরা দেশব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হন।
মহালছড়ি উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মহালছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রাজিব দে, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালেদ মাসুদ সাগর।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং শিশু-কিশোরদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতেও সহায়তা করে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও কার্যকর ভূমিকা রাখতে পারে।
তাঁরা আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল ও তৃণমূল পর্যায়ে অনেক প্রতিভাবান শিশু-কিশোর রয়েছে, যারা যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে নিজেদের ক্রীড়ানৈপুণ্য তুলে ধরতে পারে না। নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার মাধ্যমে এসব প্রতিভা খুঁজে বের করে বিকশিত করার পাশাপাশি জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের আয়োজনের ফলে গ্রাম ও উপজেলা পর্যায়ের খেলোয়াড়রাও নিজেদের যোগ্যতা প্রমাণের একটি বৃহত্তর ক্ষেত্র পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তাঁদের মতে, সুস্থ, সচেতন ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ ক্ষেত্রে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।