বান্দরবানে বিটিপিটি’র মৌখিক পরীক্ষায় পর্দানশীন শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (বিটিপিটি) চূড়ান্ত মৌখিক পরীক্ষায় পর্দা ও নিকাব পরার কারণে এক শিক্ষার্থীকে হেনস্তা ও মানসিকভাবে অত্যাচারের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বান্দরবানের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) মোফাজ্জল হোসেন খান এবং পিটিআই বান্দরবানের ইনস্ট্রাক্টর জেনারেল মশিউর রহমান মন্ডল।
ভুক্তভোগী শিক্ষার্থী পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও পার্বত্য টিভির সম্পাদক হাবিবুল্লাহর বোন মাশরুফা।
ভাইভা বোর্ডে তাকে উদ্দেশ্য করে করা হয় একাধিক আপত্তিকর ও বিভ্রান্তিকর প্রশ্ন। শিক্ষার্থীর প্রতি বলা হয়— “আপনার মুখ বন্ধ কেন?”, “আপনি এরকম হলে প্রাইমারিতে কেন আসছেন?”, “আপনি আপডেট হতে পারেননি কেন?”, “মুখ বন্ধ রাখলে কোনো পাপ মোচন হবে?”, “এভাবে থাকলে চাকরি ছেড়ে দিন” এবং “আমি এই পর্দা করার কারণে একজনকে সাসপেন্ড করেছি, আপনি জানেন?”।

ভাইভা বোর্ডে আরও উপস্থিত ছিলেন—মোঃ সাদিক হাসান, সরকারি বিশেষজ্ঞ, ন্যাপ, বান্দরবান পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট উত্তম কুমার দাশ গুপ্ত, ইন্সট্রাক্টর (সাধারণ) আবদুল হাই।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সানজিতা পারভীন লিজা এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক রিয়াজুল হক ইমন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্মীয় চেতনা ও মৌলিক মানবাধিকার রক্ষার কথা সংবিধানেই উল্লেখ রয়েছে। অথচ আজ, পর্দানশীন নারীরা মৌলিক অধিকার চর্চার সময় অপদস্ত হচ্ছেন — যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”
রিয়াজুল হক ইমন আরও জানান, দেশের ক্রান্তিকালে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থী ও কর্মীরা জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু এখনো তাদের আত্মসম্মান ও ধর্মীয় অধিকার নিরাপদ নয় — যা দেশের জন্য দুর্ভাগ্যজনক।
তবে এ ঘটনায় অভিযুক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) মোফাজ্জল হোসেন খান এবং পিটিআই বান্দরবানের ইনস্ট্রাক্টর জেনারেল মশিউর রহমান মন্ডলের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।