ভারতীয় গরু পাচারকালে ১১টি গরু উদ্ধার, ২ জন আটক
![]()
নিউজ ডেস্ক
রবিবার দিবাগত রাত দেড়টায় চট্টগ্রাম রাঙামাটি সড়কের ঘাগড়া বটতলী এলাকা থেকে ১১টি ভারতীয় গরু পাচারের সময় কাউখালী থানা পুলিশ উদ্ধার করেছে। এ সময় গরুর মালিক দাবী করা দুই ব্যক্তিকেও আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার সাতঘড়িয়া পাড়ার বাছা মিয়ার ছেলে মোঃ সাবিক ওরফে বাবু (২৪) এবং হালিমপুর গাজী বাড়ী এলাকার বাচা মিয়ার ছেলে শামীম (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম রাঙামাটি সড়কে ঘাগড়া হয়ে অবৈধভাবে ভারতীয় গরু পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে কাউখালী থানা পুলিশ ও একটি স্পেশাল টিম ওই সড়কে অভিযান পরিচালনা করে। রবিবার দিবাগত রাত দেড়টায় ঘাগড়া বটতলী থেকে ট্রাক বোঝাই ১১টি গরু উদ্ধার করা হয় এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, আটককৃতরা জানিয়েছে যে, উদ্ধার হওয়া গরুগুলো রাঙামাটির জুড়াছড়ি উপজেলা থেকে রাঙামাটি সদরে আসে। তারপর সেগুলো রাঙামাটি ট্রাক টার্মিনাল থেকে ট্রাকে করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারে পাঠানো হচ্ছিলো। পুলিশের তৎপরতায় গরুগুলো উদ্ধার হয় এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
ওসি সাইফুল ইসলাম সোহাগ আরও জানান, রাঙ্গামাটির বিভিন্ন সীমান্ত দিয়ে একটি পাচারকারী চক্র দীর্ঘদিন যাবৎ ভারতীয় গরু এবং অন্যান্য মাদক পাচারে সক্রিয় রয়েছে। তাদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং আজকের অভিযানও তারই অংশ।
তিনি বলেন, আটককৃতরা জানিয়েছে যে, তারা গত তিন-চার বছর ধরে এইভাবে অবৈধভাবে গরু পাচার করে আসছে। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।