ভারত থেকে গরু আনার আশ্বাসে প্রতারণা, বিজিবির হাতে আটক দুই

ভারত থেকে গরু আনার আশ্বাসে প্রতারণা, বিজিবির হাতে আটক দুই

ভারত থেকে গরু আনার আশ্বাসে প্রতারণা, বিজিবির হাতে আটক দুই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত থেকে গরু আমদানির আশ্বাস দিয়ে স্থানীয় গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালায় দুই প্রতারক। তবে শেষ রক্ষা হয়নি। রাজশাহীতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক।

আটককৃতরা হলেন মো. নিজাম উদ্দিন (৭১), পিতা মৃত ওয়াজিউল্লাহ মিয়া, গ্রাম কালিকাপুর, বেগমগঞ্জ, নোয়াখালী এবং মো. মেহেদী হাসান (৫৫), পিতা মৃত আব্দুর রশিদ খান, গ্রাম খাগড়া, আটপাড়া, নেত্রকোনা।

বিজিবির অধিনায়ক জানান, আটক দুই ব্যক্তি নিজেদের একজনকে সেনাপ্রধানের ‘ম্যাডামের গৃহশিক্ষক’ ও অপরজনকে ‘এমইএস ঠিকাদার’ পরিচয় দিয়ে রাজশাহীতে আসেন। তারা গত ২০ মে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাজশাহীর বিন্দুর মোড় এলাকায় হোটেল গুলশানে অবস্থান নেন।

সেখানে তারা স্থানীয় গরু ব্যবসায়ীদের জানান, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে এবং ঈদ উপলক্ষে ভারত থেকে গরু আমদানির জন্য সীমান্ত খুলে দেয়া হবে। তারা দাবি করেন, শুধুমাত্র ‘নির্বাচিত’ ব্যবসায়ীরাই এই সুযোগ পাবেন এবং প্রতি জোড়া গরুর জন্য অগ্রিম ৩৫ হাজার টাকা, আর ১০ হাজার গরু আনার বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করেন।

গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা বুধবার দুপুর ১২টার দিকে ওই হোটেলে অভিযান চালিয়ে প্রতারকদের আটক করে।

লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বলেন, এই চক্রটি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অভিনব কৌশলে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করতে চেয়েছিল। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু যেনো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।