সেনাবাহিনীর তত্ত্বাবধানে বরিশালে দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে বরিশালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একটি বৃহৎ সম্মিলিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়ায় ভূমিকম্প পূর্ব ও পরবর্তী পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগ পরবর্তী প্রতিকূল অবস্থায় সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

এতে সেনাবাহিনীর পাশাপাশি জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, সেচ্ছাসেবক এবং মাঠকর্মীরা অংশগ্রহণ করেন।
মহড়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন।

মহড়া শেষে তিনি অংশগ্রহণকারী মাঠ কর্মী, সেচ্ছাসেবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সেনাবাহিনীর এই উদ্যোগকে তিনি দেশের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে ০২ থেকে ০৪ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী মোট ১২০ জন ব্যক্তি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণ, আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় ও মাঠ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে প্রশিক্ষণ নেন।

একইসঙ্গে ০২ ডিসেম্বর থেকে ০৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা থেকে আগত মোট ৩৭৫ জন মাঠ কর্মী, সেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা প্রদানের উপর দলভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া, আহতদের উদ্ধার, জরুরি চিকিৎসা এবং নিরাপদ স্থানান্তরের কৌশল শেখানো হয়।
সেনাবাহিনী জানায়, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় নাগরিকদের সক্ষমতা বাড়াতে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দেশের যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত সাড়া ও জনবান্ধব ভূমিকা জনগণের আস্থা ও নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।