কাপ্তাইয়ে জমি অধিগ্রহণে অর্থ আত্মসাত, দুদকের মামলা

কাপ্তাইয়ে জমি অধিগ্রহণে অর্থ আত্মসাত, দুদকের মামলা

কাপ্তাইয়ে জমি অধিগ্রহণে অর্থ আত্মসাত, দুদকের মামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি গ্রামে আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কাপ্তাই স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খানের বিরুদ্ধে এ মামলা করেন। এতে জমি অধিগ্রহণ বাবদ ১০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, কাপ্তাই উপজেলার ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার শিলছড়ি গ্রামে অবস্থিত স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি নিবন্ধিত যৌথ মূলধনী কোম্পানি হলেও প্রতিষ্ঠানটির নামে লিজ প্রদান সংক্রান্ত কোনো রেকর্ডপত্র পাওয়া যায়নি। এমনকি সংশ্লিষ্ট লিজ ডিডও তদন্তকালে উপস্থাপন করতে পারেননি অভিযুক্ত ব্যক্তি।

এছাড়া ওই ভূমি কীভাবে রেকর্ডভুক্ত হলো, সে সংক্রান্ত কোনো তথ্যও পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

মামলার নথিতে আরও বলা হয়, প্রকৃত তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে দলিল ব্যবহার করে স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে রেকর্ডীয় ২২ দশমিক ১৭ একর ভূমি থেকে আনসার ব্যাটালিয়নের জন্য ২০১৫ সালে অধিগ্রহণ প্রস্তাব দাখিল করা হয়। পরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় ৮ দশমিক ০৯ একর জমির অধিগ্রহণ (ক্ষতিপূরণ) দেয়ার সিদ্ধান্ত নেয়।

২০১৮ সালে ওই জমি ও তাতে থাকা গাছপালার ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা চেকের মাধ্যমে গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খান। অভিযোগে বলা হয়, ওই অর্থ গ্রহণ করা হয় ২০১৮ সালের ২ জুলাই।

দুদক জানায়, ভূমিটি যে উদ্দেশ্যে সরকারের কাছ থেকে লিজ নেওয়া হয়েছিল, সে উদ্দেশ্যে ব্যবহারযোগ্য না হলে তা সরকারের কাছে ফেরতযোগ্য ছিল। এ অবস্থায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে লিজ ডিড গোপন করে জমাবন্দি প্রদর্শনের মাধ্যমে অর্থ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২০১, ৪৬৭ ও ৪৬৮ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানায় দুদক।

এ ব্যাপারে শিলছড়ি বাসিন্দা সাবেক ইউপি সদস্য মিনু মারমা ও বিএনপির নেতা জাফর আহমদ স্বপন বলেন, ‘অভিযুক্তে হাসান মাহমুদ খানের সঙ্গে ভূমি মালিকানা সংক্রান্ত বিষয়ে শিলছড়ি এলাকার ভূমিহীন ১১৪ পরিবারের বিরোধ চলছিল। যে কারণে আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় ভূমি হুকুম দখলকৃত জায়গার বিপরীতে হাসান মাহমুদ খানকে কোনো প্রকার অর্থ পরিশোধ না করার জন্য আবেদন করা হয়েছিল।’

মামলা এবং অভিযোগের বিষয়ে জানতে কাপ্তাই স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খানের সঙ্গে মুঠোফোনে এবং সরজমিনে বারবার যোগাযোগ করা হলে ফোনে এবং সাক্ষাতে না পাওয়ায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *