টানা বর্ষণে পানির নিচে আলীকদম-লামা সড়ক, বন্ধ যান চলাচল: চরম দুর্ভোগে জনসাধারণ

টানা বর্ষণে পানির নিচে আলীকদম-লামা সড়ক, বন্ধ যান চলাচল: চরম দুর্ভোগে জনসাধারণ

টানা বর্ষণে পানির নিচে আলীকদম-লামা সড়ক, বন্ধ যান চলাচল: চরম দুর্ভোগে জনসাধারণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের আলীকদম-লামা সড়কের একাধিক স্থান প্লাবিত হয়েছে। এতে সোমবার দুপুর থেকে আলীকদমের সঙ্গে লামা এবং লামা হয়ে কক্সবাজারের চকরিয়ার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার থেকে আলীকদম ও লামা উপজেলায় টানা ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সোমবার দুপুরে আলীকদম-লামা সড়কের সিলেরতুয়া, শীবাতলী, রেপারপাড়া বাজার, কাঁকড়াঝিরি ও দপ্রুঝিরি এলাকায় সড়ক প্লাবিত হয়। সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে যাতায়াত করছেন।

রেপারপাড়া এলাকার ইউপি সদস্য মো. বাদশা মেম্বার জানান, শুধু সড়ক নয়, রেপারপাড়া, সিলেরতুয়া ও শীবাতলীর নিচু এলাকার বহু বসতঘরও পানিতে তলিয়ে গেছে। ইতোমধ্যে অন্তত ৫০টি পরিবার নিজ নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্র ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বলেন, টানা বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আলীকদম-লামা সড়কের কয়েকটি স্থান পানির নিচে তলিয়ে গেছে। জননিরাপত্তার কথা বিবেচনা করে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে অনেকেই বিকল্প হিসেবে নৌকায় পারাপার করছেন।

তিনি আরও জানান, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *