‘৪ কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ ভিত্তিহীন, সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে’
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান সদর হাসপাতালের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়ম এবং ১ কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসেন চৌধুরী। তিনি অভিযোগ করেন, তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহীন হোসেন চৌধুরী বলেন, সম্প্রতি তাঁর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ ছড়ানো হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দাবি করেন, একটি প্রভাবশালী পক্ষ সরকারি টেন্ডার প্রক্রিয়া নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তাঁকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও প্রভাবিত করার চেষ্টা করেছিল। কিন্তু তিনি কোনো ধরনের অনৈতিক প্রস্তাব বা চাপের কাছে নতি স্বীকার করেননি।
তিনি বলেন, অতীতে ম্যানুয়াল টেন্ডার পদ্ধতি চালু থাকায় নির্দিষ্ট কিছু ঠিকাদার বারবার কাজ পাওয়ার সুযোগ পেতেন। বর্তমানে সরকারি ক্রয়ব্যবস্থায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) চালু হওয়ায় টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত হয়েছে। ফলে পূর্বের সুবিধাভোগী একটি মহল ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সিভিল সার্জন আরও বলেন, অর্থবছরের শেষ মাস জুন হওয়ায় সরকারি বিধি অনুযায়ী বিল প্রস্তুতের প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, কোনো যাচাই-বাছাই ছাড়াই অর্থ পরিশোধ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সম্পূর্ণভাবে সরবরাহ, গ্রহণ এবং সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে গুণগত মান যাচাইয়ের পরই বিল পরিশোধ করা হবে। এর আগে কোনো অর্থ ছাড় করা হবে না।
তিনি দাবি করেন, সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ক্রয় প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই।
ডা. শাহীন হোসেন চৌধুরী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হলে অভিযোগগুলোর অসারতা প্রমাণিত হবে। একই সঙ্গে তিনি দায়িত্বশীল সাংবাদিকতা এবং যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।