সংস্কারের পর প্রথমবার ব্যবহৃত শিবগঞ্জের হেলিপ্যাডে অবতরণ করলেন সেনাপ্রধান
![]()
নিউজ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও অযত্নে পড়ে থাকা হেলিপ্যাডটি সংস্কারের পর প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথম যাত্রী হিসেবে অবতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে শিবগঞ্জে পৌঁছালে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি হেলিপ্যাডে অবতরণ করে।
এর মাধ্যমে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা হেলিপ্যাডটি আবারও কার্যকরভাবে ব্যবহারের সূচনা হলো। স্থানীয়দের মতে, এটি এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং ভবিষ্যতে সরকারি ও জরুরি প্রয়োজনে হেলিপ্যাডটি ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জে বহু আগে থেকেই হেলিপ্যাডের জন্য স্থান নির্ধারিত থাকলেও বছরের পর বছর এটি অযত্ন ও অবহেলায় পড়ে ছিল। দীর্ঘ সময় ধরে কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হেলিপ্যাডটি দ্রুত সংস্কার করা হয় এবং পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হয়। সংস্কার শেষে সেনাপ্রধানের হেলিকপ্টার অবতরণের মধ্য দিয়ে হেলিপ্যাডটির আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।