ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু
![]()
নিউজ ডেস্ক
ইরানের বিরুদ্ধে টানা দ্বিতীয় রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ হামলা চলে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নেয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগের হামলার পর ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস ও বুশেহরে মার্কিন হামলায় নৌ ও বিমানবাহিনীর অন্তত আট সদস্য নিহত হয়েছেন।
এদিকে, যুদ্ধবিরতির সময় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া মার্কিন আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানগুলো আবারও মধ্যপ্রাচ্যে ফিরিয়ে আনা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এটি সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত হতে পারে।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে।
অন্যদিকে, উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে মধ্যস্থতাকারী পাকিস্তান উভয় পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরান, দুই দেশই কঠোর অবস্থান বজায় রেখেছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা কার্যত শেষ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে সংঘাত কীভাবে এগোবে, সে বিষয়ে মিশ্র বার্তা দিয়েছেন।
শুধু তাই নয়, কুয়েত ও বাহরাইনে হামলা হচ্ছে। ইরান আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পশ্চিমা সংবাদমাধ্যমে এ হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।