খাগড়াছড়িতে দুই বিদ্যালয়ের কেউ পাস করেনি, এসএসসিতে পাসের হার ৩৫.৫৬ শতাংশ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়িতে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল হয়েছে হতাশাজনক। জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে দুটি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। তবে দাখিলে পাসের হার তুলনামূলকভাবে বেশি—৫২ দশমিক ৮ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিসের তথ্য থেকে এসব জানা গেছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর খাগড়াছড়ি জেলায় এসএসসি পরীক্ষায় মোট ৭ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৭৬৬ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৫৬ শতাংশ। এ বছর এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন শিক্ষার্থী।
অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জেলায় মোট ৭৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪০০ জন। দাখিলে পাসের হার ৫২ দশমিক ৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ছয়জন।
এবারের ফলাফলে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে সামনে এসেছে দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস না করার ঘটনা। জেলা সদরের ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডম্যানপাড়া উচ্চ বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদার বলেন, “দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি। কোন কোন বিষয়ে ফলাফল বেশি খারাপ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
জেলার সার্বিক ফলাফলে এমন নিম্নমুখী চিত্র শিক্ষা ব্যবস্থার মান, শিক্ষার্থীদের প্রস্তুতি ও বিদ্যালয়ভিত্তিক পাঠদানের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে কোনো একটি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাস না করার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাঠদান ও একাডেমিক তদারকি ব্যবস্থাকে গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।