রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আনকম্প্রোমাইজিং- সারজিস আলম
![]()
জার্নাল প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা বাঙালি-অবাঙালির এই বিভক্তি চাই না। তিনি বলেন, আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আনকম্প্রোমাইজিং।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় সিএচটি রিসার্চ ফাউন্ডেশন কতৃক আয়োজিত অনুষ্ঠানে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসি পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পার্বত্যনিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে এনসিপির এই নেতা বলেন, আমাদের এই বাংলাদেশ বহু ভাষা, বহু জাতির একটা ইউনিটারি রাষ্ট্র, অর্থাৎ একক একটি রাষ্ট্র। আমরা এটার আসলে বাস্তবায়ন চাই এবং আমরা সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতিটা চাই। আমরা আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ভেদাভেদগুলোকে একপাশে রেখে আমরা বরং সবাইকে জাতি বলে সম্বোধন করতে চাই, যেটা আমাদের জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, এই সমস্যা সমাধানের জন্য আমাদের যে ‘৭২-এর সংবিধান, সেই জায়গার সংস্কারটা সবার আগে জরুরি। যেখানে বলা রয়েছে আমরা জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী। তো জাতি হিসেবে আসলে আমরা সবাই তো বাঙালি না, এটাই তো সত্য।
সারজিস আলম বলেন, তো সেই জায়গা থেকে জুলাই সনদে একটা সংশোধন আনা হয়েছে, যেটা হচ্ছে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী এটা প্রতিস্থাপিত হয়ে এখন হবে ‘বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন’।
তিনি বলেন, আমরা চাই এই যে গণভোটের সংবিধানের সংস্কারগুলো বাস্তবায়ন হোক এবং আমরা এই যে বিভক্তি, এই বিভক্তি আর চাই না। বাঙালি-অবাঙালির এই বিভক্তি চাই না। সবাই বাংলাদেশী; জাতি হিসেবে কেউ বাঙালি, কেউ চাকমা, কেউ মারমা, কেউ হয়তো অন্য কোনো জাতির।
সকলের উদ্দেশ্যে করে জুলাই ছাত্র আন্দোলনের সম্মুখ এই যোদ্ধা বলেন, আমাদের সৃষ্টি লগ্ন থেকে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর সমাধানটা অতি জরুরি এবং আমরা পাশাপাশি এটিও আমাদের জায়গা থেকে জানিয়ে রাখতে চাই যে, আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আনকম্প্রোমাইজিং। এই জায়গায় আমাদের যে সাংবিধানিক কাঠামো এবং রাষ্ট্রীয় কাঠামো, এই জায়গাটাতে আমাদের যেমন সমস্যাগুলো আছে, আবার একই সাথে সমাধানও আছে।
আমরা আহ্বান করব সরকার বলি, বিরোধী দল বলি, রাজনৈতিক দল কিংবা যত অংশীদার আছে, আমরা সবাই একসাথে মিলে অন্তত আমাদের এই সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এইটুকু যদি আমরা করতে পারি, তাহলে এই ধরনের সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারব। সবাইকে অনেক ধন্যবাদ।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।