পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য রক্ষায় প্রকাশিত হলো ‘প্রকৃতি’
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরে প্রকাশিত হয়েছে ‘প্রকৃতি’ নামের একটি বিশেষ প্রকাশনা। পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি, বন ও বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যেই প্রকাশনাটি প্রকাশ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়, বন, নদী-ছড়া ও বন্যপ্রাণী শুধু এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নয়; দেশের সামগ্রিক পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু মানুষের নানা কর্মকাণ্ডে এই অঞ্চলের প্রকৃতি ক্রমেই চাপের মুখে পড়ছে। এ অবস্থায় প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসম্পৃক্ততা এবং সচেতনতা বাড়ানো জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, “আমরা মানুষ প্রকৃতির কেমন যেন প্রতিপক্ষ হয়ে গেছি। উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও এর প্রভাব পড়ছে। এখন যে গরম পড়ছে, এতটা গরম হওয়ার কথা নয়। আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে।”
তিনি বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন বা সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, পাহাড় ও বনাঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হলে এর প্রভাব শুধু বন্যপ্রাণীর ওপর পড়ে না, শেষ পর্যন্ত মানুষের জীবন ও জীবিকার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণকেও সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
আয়োজকেরা জানান, ‘প্রকৃতি’ প্রকাশনায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বন্যপ্রাণী, জীববৈচিত্র্য, বন ও পরিবেশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। স্থানীয় প্রকৃতিপ্রেমী, গবেষক ও পরিবেশসচেতন মানুষের মধ্যে প্রকাশনাটি ইতোমধ্যে আগ্রহ তৈরি করেছে।

বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির প্রতিষ্ঠাতা সংগঠক ও রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “আমাদের লক্ষ্য কারও প্রতিপক্ষ হওয়া নয়। সমাজে সচেতনতা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। কোনো রোগ হওয়ার পর চিকিৎসা করার পরিবর্তে রোগ হওয়ার আগেই প্রতিরোধ করতে চাই। তেমনি সময়মতো সচেতনতা তৈরি করে মানুষকে প্রকৃতি রক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে চাই।”
তিনি বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। স্থানীয় জনগোষ্ঠী, তরুণ সমাজ, শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক ও প্রকৃতিপ্রেমীদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। মানুষের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি করতে পারলে দীর্ঘমেয়াদে পরিবেশ সংরক্ষণ অনেক বেশি কার্যকর হবে।
আয়োজকদের ভাষ্য, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বন, পাহাড় ও বন্যপ্রাণীর বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু বন উজাড়, আবাসস্থল সংকোচন, পাহাড় কাটা, অপরিকল্পিত স্থাপনা নির্মাণসহ নানা কারণে জীববৈচিত্র্যের ওপর চাপ বাড়ছে।
এ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে প্রকৃতি ও বন্যপ্রাণী সম্পর্কে তথ্যভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং সংরক্ষণে জনগণকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। ‘প্রকৃতি’ প্রকাশনাটি সেই সচেতনতা তৈরির ক্ষেত্রে একটি কার্যকর মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
সবুজ চাকমার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য ও সাংবাদিক সমীর মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদীসহ প্রশাসন, বন বিভাগ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, রেঞ্জ কর্মকর্তা এস. এম. মোশাররফ হোসাইন, শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্ল, লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি রক্ষা মানে শুধু পাহাড় ও বন রক্ষা নয়; এর সঙ্গে মানুষের ভবিষ্যৎ, বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল এবং পুরো অঞ্চলের পরিবেশগত ভারসাম্য জড়িয়ে আছে। তাই প্রকৃতিকে রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি বাস্তবভিত্তিক সংরক্ষণ উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।