থাইল্যান্ডে মাতাল হয়ে মারামারি, রণতরিতে ফিরিয়ে নেয়া হলো দুই মার্কিন সেনাকে
![]()
জার্নাল প্রতিবেদক
থাইল্যান্ডের পাতায়ায় একটি বারের বাইরে মদ্যপ অবস্থায় মারামারিতে জড়িয়ে পড়ার পর মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে দুই সেনাসদস্যকে ফিরিয়ে নেয়া হয়েছে। একইসঙ্গে তাদের জাহাজের ভেতরেই আটকে রাখার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।
এদিন ভোরবেলা মারামারির ঘটনায় জরুরি ফোন পেয়ে থাই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটিকে ‘ছোটখাটো’ বিষয় বলে উল্লেখ করেছে পুলিশ। পরে ওই দুই সেনাসদস্যকে যুক্তরাষ্ট্র-থাইল্যান্ডের যৌথ অপারেশন কেন্দ্রে নেয়া হয়। এরপর তাদের রণতরিতে ফিরিয়ে দেয়া হয় এবং পাঁচ দিনের সফরের বাকি সময় তাদের সেখানেই থাকার নির্দেশ দেয়া হয়।
এর আগে সমুদ্রে রেকর্ড ২৮৬ দিন অবস্থান করার পর থাইল্যান্ডে পৌঁছায় ইউএসএস আব্রাহাম লিংকন। ইরানে চলমান যুদ্ধসংক্রান্ত মার্কিন অভিযানকে সহায়তা করতে রণতরিটি এত দীর্ঘ সময় সমুদ্রে ছিল। এর আগে রণতরিটির মোতায়েনের সময়সীমা মে মাসে শেষ হওয়ার কথা ছিল।
সম্প্রতি রণতরিটি সরবরাহ ঘাটতি এবং এতে থাকা প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনার গুরুতর মানসিক স্বাস্থ্য সংকটের খবরের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনায় আসে। সেনাদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, কয়েকজন সেনাসদস্য জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ পাওয়া যায়।
তবে গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জাহাজটির দুরবস্থা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিরোধিতা করেন। তিনি বলেন, পরিস্থিতিকে পুরোপুরি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে কঠিন পরিস্থিতির মধ্যেও জাহাজের সদস্যদের দায়িত্ব পালনের জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।