ইন্দোরে বিএসএফের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন মহাপরিচালক
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক (ডিজি) প্রবীণ কুমার, ইন্দোরে বাহিনীটির সেন্ট্রাল স্কুল অব উইপন অ্যান্ড ট্যাকটিকস (সিএসডব্লিউটি) পরিদর্শন করেছেন। ৪ ও ৫ সেপ্টেম্বরের এ সফরে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে বিএসএফ মহাপরিচালককে বাহিনীর সদস্যদের পেশাগত সক্ষমতা, অস্ত্র ব্যবহারে দক্ষতা এবং অপারেশনাল প্রস্তুতি বাড়াতে পরিচালিত বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ কোর্স সম্পর্কে অবহিত করা হয়। তিনি প্রতিষ্ঠানটির আর্মস মিউজিয়ামও পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন অস্ত্র ও যুদ্ধকৌশলের সমৃদ্ধ ঐতিহ্য এবং সময়ের সঙ্গে এর বিবর্তন তুলে ধরা হয়েছে।

পরে বিএসএফ মহাপরিচালক রেওতি বিএসএফ শুটিং অ্যান্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে গড়ে তোলা বিস্তৃত বৃক্ষরোপণ কার্যক্রম ঘুরে দেখেন। বিএসএফের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণের প্রতি বাহিনীর অঙ্গীকারের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়।
রেওতি শুটিং রেঞ্জে বিএসএফ শুটিং দলের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন ডিজি প্রবীণ কুমার। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রতিক সাফল্যের জন্য তিনি দলের সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে শুটিংয়ের মতো এ সামরিক ক্রীড়ায় নিষ্ঠা, শৃঙ্খলা ও ক্রীড়া নৈপুণ্যের উচ্চমান ধরে রাখার জন্য তাদের উৎসাহিত করেন।

এ সময় ফায়ারিং রেঞ্জে বিএসএফের প্রশিক্ষণ দল বিভিন্ন ধরনের ছোট আগ্নেয়াস্ত্রের ভেদক্ষমতা প্রদর্শন করে। এর মাধ্যমে অস্ত্র ব্যবহারে দক্ষতা ও বাহিনীর কারিগরি সক্ষমতার বিষয়টি তুলে ধরা হয়।
পরিদর্শন শেষে বিএসএফ মহাপরিচালক বাহিনীর সদস্যদের নিয়ে আয়োজিত ‘প্রহরী সম্মেলনে’ অংশ নেন। সম্মেলনে তিনি সব সদস্যকে নিরলসভাবে উৎকর্ষ অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি সর্বোচ্চ মানের প্রশিক্ষণ বজায় রাখা এবং পরিবর্তিত ও ক্রমবর্ধমান অপারেশনাল চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে সর্বদা প্রস্তুত থাকার জন্য বিএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, মহাপরিচালকের এ পরিদর্শনের মাধ্যমে বাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র ব্যবহারে দক্ষতা, অপারেশনাল প্রস্তুতি, পরিবেশ সংরক্ষণ এবং ক্রীড়া নৈপুণ্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।