সামরিক সম্পর্ক জোরদারে একমত মিয়ানমার ও ভিয়েতনাম

সামরিক সম্পর্ক জোরদারে একমত মিয়ানমার ও ভিয়েতনাম

সামরিক সম্পর্ক জোরদারে একমত মিয়ানমার ও ভিয়েতনাম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে মিয়ানমার ও ভিয়েতনাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) হ্যানয়ে ভিয়েতনামের শীর্ষ নেতা তো লামের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বৈঠকে দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে এই খাতকে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিয়েতনাম সরকারের এক বিবৃতিতে বলা হয়, সামরিক প্রশিক্ষণ, তরুণ কর্মকর্তাদের মধ্যে মতবিনিময়, তল্লাশি ও উদ্ধার অভিযান এবং দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন দুই নেতা। একই সঙ্গে অপরাধ দমনে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়েও একমত হয়েছেন তারা।

বৈঠকে তো লাম বলেন, মিয়ানমারের সঙ্গে জাতীয় উন্নয়ন, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের অভিজ্ঞতা বিনিময়ে ভিয়েতনাম প্রস্তুত রয়েছে।

এ সময় কোনো ব্যক্তি বা সংস্থাকে একে অপরের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে দুই দেশ।

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে ভিয়েতনামে মিন অং হ্লাইংয়ের প্রথম সরকারি সফরেই এসব বিষয়ে আলোচনা হলো। দুই দেশের শীর্ষ পর্যায়ে আরও সফর বিনিময়ের মাধ্যমে রাজনৈতিক আস্থা জোরদারের পাশাপাশি বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতার কাঠামোগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর অঙ্গীকার করা হয়েছে।

এদিকে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণেও সম্মত হয়েছে মিয়ানমার ও ভিয়েতনাম। উচ্চ প্রযুক্তির কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, জ্বালানি এবং পরিবহন অবকাঠামোসহ বিভিন্ন খাতে নতুন সহযোগিতার সুযোগ কাজে লাগানোর বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।

বিবৃতিতে আরও বলা হয়, আসিয়ান ও মেকং উপ-আঞ্চলিক কাঠামোর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখবে দুই দেশ। পাশাপাশি দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা এবং জাহাজ ও উড়োজাহাজ চলাচলের স্বাধীনতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তারা।

এর আগে শুক্রবার উত্তর ভিয়েতনামে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিনফাস্ট ও টেলিযোগাযোগ গ্রুপ ভিয়েটেলের একটি কারখানা পরিদর্শন করেন মিন অং হ্লাইং। তার এই সফরের মধ্য দিয়ে প্রযুক্তি, টেলিযোগাযোগ ও শিল্প উন্নয়নে ভিয়েতনামের সঙ্গে সহযোগিতা বাড়াতে মিয়ানমারের আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *