ত্রিপুরায় ভিলেজ কমিটি নির্বাচন: দক্ষিণ জেলায় মোতায়েন ১২০০ নিরাপত্তাকর্মী
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের ত্রিপুরা রাজ্যের ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রায় ১ হাজার ২০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। আগামী ২৮ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনকে সামনে রেখে বুধবার বেলোনিয়ার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অপরাধবিষয়ক সম্মেলনে জেলার নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করা হয়। দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার (এসপি) মৌর্য কৃষ্ণ সি, আইপিএস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ), ত্রিপুরা স্টেট রাইফেলস এবং জেলা পুলিশের সদস্যদের নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হবে। ভোটকেন্দ্রগুলোকে অতিগুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ব্লক পর্যায়ে স্থাপিত স্ট্রং রুমগুলোতে সশস্ত্র নিরাপত্তা প্রহরার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হবে।
দক্ষিণ ত্রিপুরা জেলায় ৭০টি ভিলেজ কমিটির ৩০৬টি নির্বাচনী এলাকা ও ৫৩৮টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য ১৭৭টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
পুরো ত্রিপুরা রাজ্যে এবার ৫৮৭টি ভিলেজ কমিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ভিলেজ কমিটির অধীনে ২ হাজার ৬৩৪টি নির্বাচনী এলাকা এবং ৪ হাজার ৫৯৭টি আসন রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যটিতে মোট ভোটার ৯ লাখ ৬১ হাজার ৯৭৭ জন। পুরো রাজ্যে ভোটগ্রহণের জন্য মোট ১ হাজার ৫৫০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার জানান, ভোটগ্রহণের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হবে। এর অংশ হিসেবে এলাকায় আধিপত্য বিস্তারমূলক অভিযান (এরিয়া ডমিনেশন), মোবাইল প্যাট্রোলিং এবং বিভিন্ন নাকা ও তল্লাশিচৌকিতে যানবাহনে ব্যাপক তল্লাশি চালানো হবে।
বিশেষ করে আন্তঃজেলা ও সীমান্তবর্তী সড়কগুলোতে নজরদারি আরও বাড়ানো হবে। জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনী সময়ে আদর্শ আচরণবিধি কঠোরভাবে কার্যকর করা হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, মদ এবং হিসাববহির্ভূত নগদ অর্থের চলাচল ঠেকাতে তল্লাশি ও নজরদারি জোরদার করা হবে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার সব মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) অপরাধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেসামরিক প্রশাসন ও নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্যও তাদের নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, জনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে—এমন কোনো ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ ধরনের অভিযোগ বা ঘটনার তথ্য দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ কন্ট্রোল রুমের ৭৬২৮০০৭০৭৯ নম্বরে অথবা জরুরি সহায়তার জন্য ১১২ নম্বরে জানানো যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।