দিল্লিবিরোধী কর্মকাণ্ডে কলম্বোর মাটি নিষিদ্ধ, শ্রীলঙ্কান প্রেসিডেন্টের ঘোষণা
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতবিরোধী কোনো কর্মকাণ্ডের জন্য শ্রীলঙ্কার ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে দিল্লি সরকারকে আশ্বস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
এ সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তিনটি চুক্তি সই হয়েছে। এর মধ্যে একটি চুক্তির আওতায় ভারত থেকে শ্রীলঙ্কার বিমানবাহিনীকে দেয়া আকাশ প্রতিরক্ষা কামান আধুনিকায়ন করা হবে।
দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশগুলোতে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ঋণে নেয়া বড় অবকাঠামো প্রকল্প নিয়ে উদ্বেগ রয়েছে নয়াদিল্লির। এর পেছনে শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দরের অভিজ্ঞতা অন্যতম কারণ।
ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর ২০১৭ সালে ৯৯ বছরের ইজারায় বন্দরটির নিয়ন্ত্রণ চীনের হাতে তুলে দেয় কলম্বো। একই সঙ্গে বন্দরের আশপাশের ১৫ হাজার একর জমিও হস্তান্তর করা হয়।
দুই নেতা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে শ্রীলঙ্কায় ভারতীয় সামরিক বাহিনীর নির্মাণ করা তিনটি বেইলি সেতুরও উদ্বোধন করেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কার বিমানবাহিনীর ব্যবহৃত এল৭০ কামান আধুনিকায়ন এবং দুই দেশের ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) ও ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) মধ্যে সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।
তিন দিনের সরকারি সফরে প্রতিরক্ষা সহযোগিতা ও সামুদ্রিক অংশীদারত্ব আরও জোরদারের লক্ষ্য নিয়ে মঙ্গলবার কলম্বো পৌঁছান রাজনাথ সিং।
সাইক্লোন ডিটওয়ার পর ‘অপারেশন সাগর বন্ধু’র আওতায় ভারত যে সহায়তা দিয়েছে, তার জন্য রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে কৃতজ্ঞতা প্রকাশ করেন দিসানায়েকে।
দ্বীপদেশটির পুনর্গঠন কার্যক্রমে নয়াদিল্লির দেয়া ব্যাপক পুনর্বাসন সহায়তা প্যাকেজেরও প্রশংসা করেন তিনি।
এদিন রাজনাথ সিং বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী ও সামুদ্রিক অংশীদার হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আমাদের দুই দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একইভাবে, আমাদের অঞ্চলটির নিরাপত্তা, সুরক্ষা, শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার সংকল্পও আমরা পুনর্ব্যক্ত করেছি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।