সাজেকগামী পর্যটকদের ‘জয় বাংলা’ স্লোগান, বাঘাইহাটে উত্তেজনার পর আটক ৬
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভ্রমণে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে সাজেক থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। ঘটনাটি নিয়ে একই দিনে একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পর্যটকবাহী কয়েকটি গাড়ি পুলিশ ও সেনাবাহিনীর স্কটের সঙ্গে সাজেকের উদ্দেশে বাঘাইহাট এলাকা অতিক্রম করছিল। এ সময় গাড়িতে থাকা ছয় পর্যটক ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বাঘাইহাট বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ওই ছয় পর্যটককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ফারদিন এহসান হৃদয় (২৪) ও ইয়াছিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালী জেলার মো. সাইফুল ইসলাম (২৭)।
সাজেক থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে বাঘাইহাটসহ সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আটক ছয় পর্যটক পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।