মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের খবর পাওয়া গেছে। উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় শনিবার (৩ অক্টোবর) ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম শামছুল আলম (৩৫)। তিনি ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা ইসমাইল হোসেন জীবিকার তাগিদে চট্টগ্রামে থাকেন। গ্রামের বাড়িতে দাদারা ও মায়ের সঙ্গেই শিশুটি বসবাস করত। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা স্থানীয় বাজারে যান। এ সুযোগে প্রতিবেশী শামছুল আলম ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তার বাবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৈয়বুর রহমান জানান, খবর পাওয়ার পর শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। শারীরিক পরীক্ষার সুবিধার্থে ও যথাযথ চিকিৎসার জন্য শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।
তৈয়বুর রহমান আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শামছুল আলম গা-ঢাকা দিয়েছেন। রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালালে ঘরটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
ভুক্তভোগী শিশুটির বাবা অভিযুক্ত শামছুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লিখিত এজাহার পাওয়ার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।