হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান
![]()
জার্নাল প্রতিবেদক
পাকিস্তান মঙ্গলবার (১৩ অক্টোবর) হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ (ইআর)-এর সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলতার সঙ্গে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র-ব্যবস্থাটিতে উন্নত নেভিগেশন প্রযুক্তি ও অত্যাধুনিক অ্যাভিওনিকস সংযুক্ত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটির বিশেষ গতিপথ ও কৌশলগতভাবে দিক পরিবর্তনের সক্ষমতার কারণে এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। একই সঙ্গে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতাও রয়েছে এর।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ফাতাহ-২ ইআরের বর্ধিত পাল্লা দেশটির সেনাবাহিনীর দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ও কার্যকর পরিসর আরও বাড়াবে।
ক্ষেপণাস্ত্রটির সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের আর্মি রকেট ফোর্স কমান্ডের কমান্ডার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
সফল পরীক্ষার জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসিম মুনির এবং দেশটির তিন বাহিনীর প্রধানরা।
এর আগে, গত সপ্তাহে পাকিস্তান ফাতাহ-৪ স্থলভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষা চালায়। এছাড়া গত মে মাসেও দেশটি ফাতাহ-৪ স্থলভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।